মাগুরা সদর উপজেলার রামনগর ঠাকুরবাড়ি সার্বজনীন কালি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ইয়াসিন শেখ (৩৬) নামে এক যুবক মন্দিরে ঢুকে এ প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটায়। এলাকাবাসী ওই যুবককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে। আটক ইয়াসিন খুলনার রুপসা উপজেলার মৈশাখুর্নি এলাকার ইউসুফ শেখের পুত্র।
মন্দিরের পুরোহিত উৎপল চক্রবর্তী জানান, রাতে তার স্ত্রী শুক্লা চক্রবর্তী গিয়ে দেখতে পান এক ব্যাক্তি মন্দিরের কালি প্রতিমা ভাংচুর করছে। এ সময় তিনি চিৎকার দিলে ওই ব্যাক্তি তাকে মন্দিরের ত্রিশূল দিয়ে ধাওয়া করে। পরে এলাকাবাসী তার চিৎকারে ছুটে এসে যুবকটিকে আটক করে সদর থানা পুলিশের কাছে সোর্পদ করে।
মাগুরা সদর থানার ওসি আজমল হুদা জানান, প্রতিমা ভাংচুরের ঘটনায় এলাকাবাসী ইয়াসিনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ তাকে কিছুটা মানসিক রোগী বলে মনে হয়েছে। তবে তাকে দিয়ে কেউ এ কাজ করিয়েছে কিনা এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু প্রতিমা ভাংচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দোষী ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
ইত্তেফাক/এএন