‘রোহিঙ্গাদের প্রত্যাবসন নিশ্চিতে জাতিসংঘ আন্তরিক’

 রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসন নিশ্চিতে জাতিসংঘ আন্তরিক উল্লেখ করে জাতিসংঘ মহাসচিবের গণহত্যা প্রতিরোধ বিষয়ক উপদেষ্টা আদামা দিয়েং বলেছেন, 'রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে ক্ষতির শিকার হয়েছেন স্থানীয় অধিবাসী। তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে জাতিসংঘ। আশ্রিতদের নিরাপত্তার পাশাপাশি স্থানীয়রাও যেন স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারে সে লক্ষ্য নিয়েই সবার কাজ করা উচিত'।  বুধবার কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সাথে সাক্ষাতকালে জাতিসংঘ মহাসচিবের গণহত্যা প্রতিরোধ বিষয়ক উপদেষ্টা আদামা দিয়েং এসব কথা বলেছেন। 

তিন দিনের সফরের শেষ দিনে বুধবার সাক্ষাতকালে উভয়ের মধ্যে রোহিঙ্গা শরনার্থী ব্যবস্থাপনা, রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন, স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এ সময় ২৫ মার্চ বাংলাদেশের জাতীয় গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে (আদামা দিয়েংকে) বিশেষভাবে অনুরোধ করা হয় বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক।

এর আগে, জাতিসংঘ মহসচিবের উপদেষ্টা আদামা দিয়েং গত সোমবার কক্সবাজার আসেন। কক্সবাজার অবস্থানকালে আদামা দিয়েং সোমবার শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম (অতিরিক্ত সচিব), কক্সবাজার ও শরনার্থী ক্যাম্পে কর্মরত জাতিসংঘের অফিস গুলোর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। মঙ্গলবার তিনি উখিয়ার কুতুপালং এ শরনার্থী ক্যাম্প পরিদর্শন, শরনার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করেন।

আরও পড়ুন:  জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, মামলা প্রত্যাহারের হুমকি

জেলা প্রশাসকের সাথে সাক্ষাতের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লা, জাতি সংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইসসিআর কক্সবাজার সাব অফিসের কর্মকর্তা ইফতেখার উদ্দিন বায়েজীদ, আইএমও, ডাব্লিউএফপি, ইউএনডিপি’র কক্সবাজারস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এরপর বুধবার জেলা প্রশাসকের সাথে বৈঠক শেষে বিকেলে  বিমানযোগে ঢাকার উদ্দ্যেশে কক্সবাজার ত্যাগ করেন তিনি।

ইত্তেফাক/জেডএইচডি