রাজশাহীতে পর্দা নামলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উত্সবের

স্টাফ রিপোর্টার, রাজশাহী

পর্দা নামলো ১০ দিনব্যাপী বর্ণাঢ্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উত্সব-২০১৯ এর। নানা আয়োজন শেষে মঙ্গলবার রাতে নগরভবন চত্বরে অনাড়ম্বর সমাপনীতে গণহত্যা ও ২৫ মার্চ বিষয়ক প্রদর্শনী, স্বাধীনতা দিবসের আলোচনা, পুরস্কার বিতরণ, নৃত্য, সংগীত অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক, মুক্তিযুদ্ধ গবেষক, লেখক, শিক্ষা ও ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

উদযাপন পরিষদের আহ্বায়ক ভাষাসৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে সমাপনীতে প্রধান অতিথি ছিলেন উত্সব আয়োজনের উদ্যোক্তা ও প্রধান পৃষ্ঠপোষক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সুযোগ্য সন্তান, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আরেক সম্মানিত অতিথি ছিলেন কবি আসাদ মান্নান। আরো বক্তব্য দেন, উত্সব উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক ও সদস্য সচিব কবি আরিফুল হক কুমার।