প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা হয়। জানাজা শেষে তার মরদেহ ময়মনসিংহের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
জানাজায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ দলটির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
IMG0
এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্ত শেষ হয়। পরে নামাজে জানাজার জন্য তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেয়া হয়। জানাজা শেষে শাকিলের মরদেহ অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশান দুই নম্বরে সামদাদো জাপানিজ কুইজিন রেস্তোরাঁ থেকে মাহবুবুল হক শাকিলের অসুস্থ হওয়ার খবর দেয়া। পরে হোটেলের একটি কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করীম জানান, শাকিল দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইত্তেফাক/এএসএস