অস্ট্রেলিয়ায় বজ্রপাতে মার্কিন পর্বতারোহী নিহত

অস্ট্রেলিয়ার একটি পর্বত শিখরে ক্যাম্পিং করার সময় বজ্রপাতে এক মার্কিন পর্বতারোহী নিহত হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে নিউ সাউথ ওয়েলসের উত্তরাঞ্চলে মাউন্টেইন ওয়ার্নিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
 
২৪ বছর বয়সী পর্বতারোহী একটি গাছের নিচে তাঁবু খাটিয়েছিলেন। ওই গাছের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। স্থানীয় গণমাধ্যম জানায়, ওই ব্যক্তির নাম স্যাম বিট্টি। তার বাড়ি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এই ঘটনায় তার প্রেমিকা মিশেল সেগালাও আহত হন। তিনিও ওই তাঁবুতে ছিলেন। তিনি মাথা ও গলায় আঘাত পান।
 
এই দুই পর্যটক আট সপ্তাহ আগে অস্ট্রেলিয়া আসেন। তারা এক বছর ধরে দেশটির বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। বিট্টির মৃত্যুর প্রায় ১৫ মিনিট পর অপর দুই পর্বতারোহী সেগালার চিৎকার শুনতে পেয়ে সবাইকে খবর দেন। সেগালাকে মুরউইলাম্বাহ্ বেস হসপিটালে পাঠানো হয়েছে। এএফপি।