বগুড়ায় মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার টাকার ৪২টি জালনোট ও ৫০০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর মধ্যে জালনোটসহ গ্রেফতারকৃত তিনজন হলেন জেলার নন্দীগ্রাম উপজেলার পুনাইল পূর্বপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে আইয়ুব প্রামাণিক (৪৮), একই উপজেলার বাটদীঘি পশ্চিমপাড়ার সুধন্য চন্দ্র প্রামাণিকের ছেলে বিদ্যুৎ প্রামাণিক (৩২) এবং বগুড়া শহরের নিশিন্দারা মণ্ডলপাড়ার আব্দুল খালেকের ছেলে নজরুল ইসলাম (৩৫)।
এ ছাড়া ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে সদরের উত্তর গোদারপাড়ার সবুর সেখের ছেলে সেলিম শেখকে (৩৬)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শহরের নিশিন্দারা মণ্ডলপাড়ায় জনৈক শাসছুল হকের মালিকানাধীন বাঁশ ঝাড় এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল । সেখান থেকে ৪২টি এক হাজার টাকার জালনোটসহ তিনজনকে গ্রেফতার করা হয় ।
এর পর অপর একটি দল গোদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক বিক্রেতা সেলিম শেখকে গ্রেফতার করে।
ইত্তেফাক/ইউবি