উখিয়া হাসপাতালে ছাত্রী ধর্ষণের ঘটনায় জরুরি বৈঠক

উখিয়া স্বাস্থ্য কেন্দ্রে রোগীর সঙ্গে থাকা এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। 
 
বুধবার বিকাল ৩টার দিকে হাসপাতাল পরিচালনা কমিটির জরুরি বৈঠকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং রাতের বেলায় নিয়মিত পুলিশি টহল ব্যবস্থার সিদ্ধান্ত গৃহীত হয়।   
 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরী, ওসি (তদন্ত) কায়কিসলু, আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউর রহমান রবি, ডা. আরেফা মেহের রুমীসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। 
 
সভায় বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, হাসপাতাল থেকে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মীদের দায়িত্ব পালনে অবহেলাকে দায়ী করা হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সে জন্য সবাইকে সর্তক করে দেয়া হয়। 
 
প্রসঙ্গত, হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে আসে সপ্তম শ্রেণির এক ছাত্রী। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা ওই ছাত্রীকে পূর্ব পরিকল্পিতভাবে হাসপাতাল থেকে তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ সময় হাসপাতালে থাকা অন্য রোগীদের চিৎকারে হাসপাতালের নৈশ প্রহরী ও পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে। 
 
উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে এবং ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি
 
ইত্তেফাক/ইউবি