পুরুষের পাশাপাশি নারীরাও সমান তালে এগিয়ে যাচ্ছে ..............সিটি মেয়র

খুলনা অফিস

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারীর ক্ষমতায়ন’ শীর্ষক আলোচনা সভা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।  গতকাল বুধবার সকালে খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তর চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা মহিলাবিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উইএসএমএস প্রকল্প এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেক এগিয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নারীদের নিয়োগ বেড়েছে এবং বিভিন্ন রাজনৈতিক পদে নারী প্রতিনিধিত্বও বৃদ্ধি পেয়েছে। পুরুষের পাশাপাশি নারীরা সমান তালে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়ন এবং অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।