রবীন্দ্রসংগীত চর্চার সংগঠন উত্তরায়ণের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় গীতি আলেখ্য ‘চলার পথে’ আয়োজন করেছে উত্তরায়ণ। আর অনুষ্ঠানটির আয়োজনের দায়িত্বে রয়েছেন সংগঠনটির পরিচালক রবীন্দ্রসংগীতের শিল্পী লিলি ইসলাম।
অনুষ্ঠানের ভাবনা ‘চলার পথে’ নিয়ে লিলি ইসলাম বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রচুর ভ্রমণ করেছেন। পথে যেতে যেতে তিনি অনেক গান রচনা করেছেন। এই যেমন ট্রেনে, জাহাজে, নৌকায়, পালকিতে কিংবা গরুর গাড়িতে। এ অনুষ্ঠানে আমরা এমনি কিছু গান করব। এই গানগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরকে অন্যভাবে তুলে ধরার প্রয়াস।
আয়োজনে গান থাকছে ১৭টি। গানগুলোতে কণ্ঠ দেবেন উত্তরায়ণের শিল্পীরা। গানগুলো গাইবেন লিলি ইসলাম ও হিমাদ্রী শেখর। রবীন্দ্ররচনা থেকে পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া আহমেদ।
অনুষ্ঠানে যন্ত্রানুষঙ্গে থাকছেন কলকাতার বিশিষ্ট বাদ্যযন্ত্রশিল্পী বিপ্লব মন্ডল (তবলা), সুব্রত মুখোপাধ্যায় (কি বোর্ড), সন্দিপন গাঙ্গুলী (বেহালা) আর সৌম্যজ্যোতি ঘোষ (বাঁশি)। থাকছেন ঢাকার শিল্পী নাজিমউদ্দিন রাজু (অক্টোপ্যাড)।
ইত্তেফাক/এমএআর