শুরু হচ্ছে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের নতুন ধারাবাহিক নাটক ‘ভ্যাগাবন্ড’। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় এটি পরিচালনাও করেছেন অভিনেতা জাহিদ হাসান। নতুন এ নাটকটির বিষয়ে তার সঙ্গে বিস্তারিত কথা হলো ইত্তেফাক অনলাইনের।
উল্লেখ্য, নাটকটির প্রচার শুরু হচ্ছে আগামীকাল থেকে। প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশন। নাটকটি প্রতি সপ্তাহে বৃহস্পতি থেকে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে দেখা যাবে।
বেশ সাবলীলভাবে জাহিদ হাসান বলেন, ‘নাম দিয়েই তো বোঝা যাচ্ছে কেমন হতে পারে! বাকিটা বিচার করবেন আমার ভক্ত-দর্শকরা। তবে এইটুকু বলতে পারি নতুন এ ধারাবাহিকে দর্শকরা বিমুখ হবেন না’।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া পুলককে নিয়ে নাটকের যত ঘটনা। পুলক প্রচন্ড মেধাবী ও ব্যক্তিত্ববান। তবে খামখেয়ালী। মনে মনে দর্শন ভাবধারা লালন করেন। বাবা ইমতিয়াজ আহমেদ অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা আর মা গৃহিণী।
IMG0
বাবা-মায়ের প্রত্যাশা থাকলেও পুলক কোন কাজ করে না। কাজ তার ভাল লাগে না। সারাদিন ঘোরাঘুরি করে কাটায়। বাবা চাকুরীর জন্য যোগাযোগ করে তাকে পাঠালেও কারো অধীনে চাকরি করা তার পক্ষে সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেয় পুলক। এভাবে ধারাবাহিকটির গল্প।
এটা নিয়ে জাহিদ হাসান বলেন, ‘প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে, পরিবারেরও সন্তানকে নিয়ে আশা থাকে। একজন সন্তান যাতে ভাল মানুষ হতে পারে সেটি বলতে চেয়েছি এখানে।’ নাটকটিতে হাসি-কান্না, বিনোদন সবকিছুই দেখা যাবে বলে জানান।
জাহিদ হাসান ছাড়াও ‘ভ্যাগাবন্ড’এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, লায়লা হাসান, আলী রাজ, উর্মিলা, সাব্বির আহমেদ, হাসান ফেরদৌস জুয়েল, তারিক স্বপন, তানিয়াসহ অনেকে।
তবে দেশের সংস্কৃতি রক্ষায় এবং বাংলা নাটকের প্রসারে সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন এ শক্তিমান অভিনেতা।
ইত্তেফাক/এমএআর