আজ ৯ ডিসেম্বর পূর্বধলা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে নেত্রকোনার পূর্বধলা উপজেলা শত্রুমুক্ত হয়। মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতার যৌথ আক্রমণে পাক হানাদার বাহিনী ৮ ডিসেম্বর রাতে পূর্বধলা থেকে পালিয়ে যায়। পর দিন ৯ ডিসেম্বর সকালে আবারও হানাদার বাহিনী জারিয়া-ময়মনসিংহ রেলপথে ট্রেনযোগে গৌরীপুর থেকে পূর্বধলায় প্রবেশ করতে চাইলে মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণ ও প্রতিরোধের মুখে তারা পিছু হঠতে বাধ্য হয়। এসময় পাক সৈন্যরা পূর্বধলা উপজেলার পাবই রেল সেতুটি মাইন বিস্ফোরণে ধ্বংস করে যায়। ওই দিন নেত্রকোনার বিভিন্ন স্থানে আটকে পড়া পাক সৈন্যরা পরাজয়ের গ্লানি নিয়ে পালিয়ে যাওয়ার পথে উপজেলার শ্যামগঞ্জ পশ্চিম বাজারের মুক্তিযোদ্ধা সুধীর বড়ুয়াকে হত্যা করে। পূর্বধলার ওই যুদ্ধই একাত্তরের রণাঙ্গনে নেত্রকোনা জেলার শেষ যুদ্ধ।
পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন জানান, দিবসটি উপলক্ষে শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বিজয় র্যালী, পতাকা উত্তোলন ও আলোচন সভা অনুষ্ঠিত হবে।