ব্রিসেবেনে আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানো দলটিই পাকিস্তানের বিপক্ষে আসন্ন প্রথম টেস্টের জন্য বহাল রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
দেশের মাটিতে গত মাসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে সিরিজের প্রথম দুই টেস্টে পরাজিত হয় অজিরা। ফলে তৃতীয় টেস্টের আগে দলের পাঁচ খেলোয়াড়কে বাদ দিয়ে নতুনভাবে দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর ওই দলটিই শেষ ম্যাচে জ্বলে ওঠে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ায় তারা।
দল থেকে একটি পরিবর্তনের আভাস পাওয়া গেলেও সেটি আর হয়নি। কারণ, ভেঙ্গে যাওয়া আঙ্গুল এখনো পুরোপুরি সাড়েনি শন মার্শের। তাই মার্শকে বিবেচনা করেননি নির্বাচকরা।
এ ব্যাপারে দলের কোচ ড্যারেন লেহম্যান বলেন, ‘ধীরে ধীরে সুস্থ হচ্ছেন মার্শ। আশা করছি এই সিরিজেই তাকে দলে পাওয়া যাবে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।’
অস্ট্রেলিয়া স্কোয়াড : স্টিভেন স্মিথ (অধিনায়ক), জ্যাকসন বার্ড, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লিঁও, নিক ম্যাডিসন, ম্যাথু রেনশ, চাড সাইর, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার।
ইত্তেফাক/এমএইচ