‌‌'জনবিচ্ছিন্ন পরাজিত শক্তি শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে'

ময়মনসিংহ-১০, গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজকে বিশ্বের উন্নয়নের রোল মডেল। সারাদেশের শান্তিকামী ও উন্নয়নকামী মানুষ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিছনে ঐক্যবদ্ধ। কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জনবিচ্ছিন্ন ও পরাজিত শক্তি জামায়াত-বিএনপি জোট তাদের পরাজয় নিশ্চিত জেনে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। স্বাধীনতা বিরোধী, জনবিচ্ছিন্ন ও পরাজিত শক্তি শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। তবে জনগণ তার সাথে আছেন, জনতা ঐক্যবদ্ধ থেকে এ ষড়যন্ত্র প্রতিহত করবে। 
 
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর ভিডিওি কনফারেন্স অনুষ্ঠান সফল করতে’ উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।