ঢাকার দোহার প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিনকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে।
নিষিদ্ধ সংগঠন আনসার উল্লাহ বাংলা টিম নামে এ চিঠি প্রেরণ করা হয়। যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন সম্প্রতি বিভিন্ন পত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যমে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে লেখালেখি করে আসছিলেন। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
দোহারের নারিশা পশ্চিম চর খালপাড় গ্রামে নাসির উদ্দিনের বাবা আবুল কাসেম, মা রহিমা খাতুন ও ছোট ভাই আব্দুল কাইয়ুম থাকেন। বৃহস্পতিবার সকালে নাসির উদ্দিনের মা বসত ঘরের দরজার সামনে একটি চিফি পড়ে থাকতে দেখে তুলে নেন। এ ব্যাপারে দোহার থানার সাধারণ ডায়রি করা হয়েছে।
নাসির উদ্দিনের মা রহিমা খাতুন জানান, বৃহস্পতিবার সকালে বসত ঘরের দরজার সামনে একটি চিঠি পান। ভিতরে একটি চিঠি ভাজ করা অবস্থায় পাওয়া যায়। চিঠিতে লেখা রয়েছে ‘নাসির উদ্দিন আপনি লন্ডন থেকে আমাদের জিহাদ সম্পর্কে উল্টাপাল্টা লিখে জিহাদের মহান উদ্দেশকে ক্ষতি করছেন। তবে আপনি যেখানেই থাকেন না কেন আমরা আপনাকে কতল করবই, ইনশাআল্লাহ্। আমরা আপনার মত ভন্ড মুসলিম, নাস্তিক সবাইকেই এক এক করে খতম করব।’ প্রেরক আনসার উল্লাহ বাংলা।
দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জিডির সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
ইত্তেফাক/ইউবি