চট্টগ্রাম অফিস
পূর্বাঞ্চল রেলওয়ের ওয়ার্কশপে লাগা আগুন নেভাতে গিয়ে অন্তত ১২ জন অসুস্থ হয়েছেন। গতকাল বুধবার সকালে পূর্বাঞ্চলের প্রধান এই ওয়ার্কশপে রেলের বগি ঝালাইয়ের সময় আগুনের সূত্রপাত হয়। আহত সবাই শঙ্কামুক্ত আছেন। তাদের চিকিত্সা চলছে।
রেলওয়ে ওয়ার্কশপের তত্ত্বাবধায়ক ফকির মহিউদ্দিন জানিয়েছেন, বুধবার সকালে বেশ কয়েকজন শ্রমিক কারখানায় বগি ঝালাই করছিলেন। এসময় হঠাত্ আগুন ধরে যায়। রেলওয়ের শ্রমিক ও কর্মকর্তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু আগুন নেভাতে ব্যবহূত কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রভাবে ওই ১২ জন অসুস্থ হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ও রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাক্তারদের বরাত দিয়ে তিনি জানান, নাক ও মুখ দিয়ে গ্যাস শরীরের ভেতরে প্রবেশ করায় এরা অসুস্থ হয়েছেন। এদের কয়েকজন শ্বাসকষ্টে ভুগলেও সবাই শঙ্কামুক্ত আছেন। অসুস্থ সাতজনের নাম জানা গেছে। তারা হলেন- জামালউদ্দিন, মো. রায়হান, মো. মাহবুবুর রহমান, মো. হারুন, সাইফুল ইসলাম, শেখ ফরিদ ও মো. ইব্রাহিম।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহির জানান, অসুস্থদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গ্যাসের প্রভাবে শ্বাস কিংবা কণ্ঠনালী ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হতে বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।