কালাইয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

জয়পুরহাটের কালাইয়ে বাঁশের বেড়া দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আমজাদ হোসেন (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 
 
শুক্রবার জুমার নামাজের আগে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ইটাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।   
 
জানা গেছে, উপজেলার ইটাইল গ্রামের আমজাদ হোসেন (৫৯) তার বসতবাড়ির পাশে বাঁশের তৈরি বেড়া দিয়ে সীমানা প্রাচীর দেয়ার সময় প্রতিবেশী আমছের আলী বাধা দেন। বাধা উপেক্ষা করে আমজাদ হোসেন বাঁশের বেড়া দিতে থাকলে প্রতিবেশী আমছের আলী, তার স্ত্রী লালভী বেগম এবং ছেলে তরিকুল ইসলাম লাঠি, দা, হাসুয়াসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে এ্যালোপাতারী মারধর করতে থাকে। এক পর্যায়ে আমজাদ হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ আমছের আলীর স্ত্রী লালভী বেগম ও তার ছেলে তরিকুল ইসলামকে আটক করে।
 
কালাই থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ বর্মণ  বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি