এশিয়ান অনূর্ধ্ব-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতায় রানার আপ ফরিদ

এশিয়ান টেনিস ফেডারেশনের তত্বাবধানে এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ব্যবস্থাপনায় আয়োজিত ১০ম বিকেএসপি এশিয়ান অনূর্ধ্ব-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতায় বালক এককে বাংলাদেশের ফরিদুর রেজা রানার আপ হন।
 
প্রতিযোগিতায় সিঙ্গাপুরের লিম চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে লিমের ৬-৩, ৬-১ সেটে ফরিদকে পরাজিত করেন। এদিকে বালিকা একক ফাইনালে কোরিয়ার জিয়ং স্বদেশি ইয়াং রাইউকে ৬-০, ৬-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
 
বালক ডাবলসে সিঙ্গাপুরের লিম ও বাংলাদেশের সাকিব জুটি কোরিয়ার কিম ও ভারতের লিস্টন ভাজ জুটিকে ২-৬, ৭-৬(৫) ও ১০-৪ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। অপরদিকে বালিকা ডাবলসে কোরিয়ার জিয়ং ও সিম জুটি কোরিয়ার জাং ও ইয়াং রাইউ জুটিকে ৭-৬, ১-৬ ও ১০-৭ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
 
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিকেএসপি ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপি’র উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু, টুর্নামেন্ট ডাইরেক্টর মো: রোকন উদ্দিন আহমেদ।
 
ইত্তেফাক/এমএইচ