লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ইউপিডিএফ-গণতান্ত্রিক গ্রুপের ওপর গুলিবর্ষণের ঘটনায় অর্পণ চাকমা (২৮) নামে একজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হাসপাতাল স’মিল এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় ৬/৭ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর পরই পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গেলে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পালিয়ে যায়।
লক্ষ্মীছড়ি হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মুরাদ বলেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন নেই বলে তিনি জানান।
ইউপিডিএফ-গণতান্ত্রিক গ্রুপের সদস্য আহত অর্পণ চাকমা বলেন, আমরা ৪ জন দুইটি মোটরসাইকেলযোগে স’মিল এলাকায় সুমনের দোকানের কাছা-কাছি গেলে সামনে থেকে ইউপিডিএফ সন্ত্রাসীরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আমরা মোটরসাইকেল রেখেই দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে আসি।
লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আব্দুল জব্বার জানান, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এছাড়াও ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়। তবে লিখিতভাবে এ ঘটনার কোনো অভিযোগ করা হয়নি। একটি সাধারণ ডায়েরি রুজু করা হবে বলে লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ জানান।