যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের ঘটনাটি পুনরায় পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই হ্যাকিংয়ের পেছনে রাশিয়ার হ্যাকাররা জড়িত আছে বলে মনে করা হয়। এর আগে তদন্তে রাশিয়ার হ্যাকাররা জড়িত থাকতে পারে বলা হলেও নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউসের স্বরাষ্ট্র ও সন্ত্রাসবিরোধী উপদেষ্টা লিসা মনাকো গতকাল শুক্রবার ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটরকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ওবামার নির্দেশনার কথা জানান। চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে কি ঘটেছিল তা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। মনাকো জানিয়েছেন, প্রশাসন যথেষ্ট গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে। এর আগে ডেমোক্র্যাট ইন্টিলিজেন্স কমিটির সিনেটররাও হ্যাকিং ঘটনার বিষয়টি পুনরায় পর্যালোচনা করতে প্রেসিডেন্ট ওবামার প্রতি আহবান জানিয়েছিলেন।