সংসদ হচ্ছে জনগণের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান --------------------------------স্পিকার

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ হচ্ছে জনগণের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান,  যেখানে জনগণের পক্ষে অর্থনৈতিক ও আর্থিকসহ সকল বিষয়ে আলোচনা করা যায়। সংসদ সদস্যরা নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের পক্ষে সংসদে ভূমিকা পালন করে থাকেন। গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে আইএমএফ-সাউথ এশিয়া রিজিওনাল ট্রেনিং এ্যান্ড টেকনিক্যাল এসিস্ট্যান্স সেন্টার (আইএমএফ-এসএআরটিটিএসি) আয়োজিত ‘বিল্ডিং ম্যাক্রো ইকোনমিক ক্যাপাসিটি ইন সাউথ এশিয়া’ শীর্ষক দুইদিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আইএমএফ-সার্টটেকের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিনিধিদলসহ বাংলাদেশের সকল জনগণকে শুভেচ্ছা জানানো হয়।

শিরীন শারমিন তার বক্তব্যে বলেন, এসএআরটিটিএসি (সার্টটেক) একটি শক্তিশালী প্ল্যাটফরম যেখানে এ অঞ্চলভুক্ত দেশসমূহ আর্থিক নীতি ও কৌশল এবং সামগ্রিক অর্থনীতির সঙ্গে আইএমএফ-এর সম্পৃক্ততা ও ভূমিকা সম্পর্কে অবগত হতে পারে। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যে আইএমএফের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থবাজার উন্নয়নের মাধ্যমে সামষ্টিক অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আইএমএফ নীতি ও কৌশল গ্রহণ করে থাকে।