সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে মৎস্য খামারের এক পাহারাদার খুন হয়েছেন। নিহত হিরন মিয়া (৩০) পৌর শহরের ৩নং ওয়ার্ডের কেশবপুর এলাকার মৃত হুশমত উল্ল্যার ছেলে। তিনি লন্ডন প্রবাসী গয়াস আলী উরফে আব্দুন নূরের বিশাল মৎস্য খামারের পাহারাদার ছিলেন।
শুক্রবার গভীর রাতে উপজেলার স্লুইচ গেটের পূর্ব দিকে শহরের ৬নং ওয়ার্ডের আলিয়াবাদ গোয়াইলবাড়ির ওই মৎস্য খামারে এ ঘটনা ঘটে। একই সঙ্গে খামারের অপর পাহারাদার উপজেলার সাতহাল গ্রামের বাসিন্দা ইছাক আলী মুছা (৩৫) নিখোঁজ রয়েছেন।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন বলেন, ‘হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও নিখোঁজ হওয়া অপর পাহারাদারের সন্ধানে পুলিশ মাঠে নেমেছে।’
উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে বিশাল এলাকা জুড়ে ধানী জমিতে লন্ডন প্রবাসী গয়াস আলী আব্দুন নূর মৎস্য খামার গড়ে তুলেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছে। এবং আদালতে মামলা মোকাদ্দমা রয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ