৪২ বছর বয়সে নতুন চুক্তিতে রবার্তো

 
৪২ বছর বয়সে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের সাবেক মিডফিল্ডার জে রবার্তো।
 
এক বছরের নতুন চুক্তিতে পালমেইরাসের হয়ে তার একমাত্র লক্ষ্য প্রথমবারের মত ক্যারিয়ারে কোপা লিবারেটেডোরসের শিরোপা জয়। 
 
এ সম্পর্কে এক বিবৃবিতে জে রবার্তো বলেছেন, আমার সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে পরবর্তী শিরোপা অর্জন করা। গত বছর কোপা ডো ব্রাজিল শিরোপা জেতার পরে এখন লক্ষ্য কোপা লিবারেটেডোরস। আমি যখন ক্লাবে যোগ দিয়েছিলাম তখনই বলেছিল শুধুমাত্র সময় কাটানোর জন্য আমি এখানে খেলতে আসিনি। এই ক্লাবের হয়ে ইতিহাসের অংশ হতে এসেছি। ড্রেসিং রুমে নিজের ছবি দেখতে চাই। এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এজন্য আমি দারুণ খুশি। ক্যারিয়ারে এখন শুধুমাত্র একটি শিরোপার অভাব রয়েছে। একটি লম্বা ছুটি কাটিয়ে ক্লাবের ২২ বছরের অপেক্ষার অবসানে অবদান রাখতে চাই।
 
সান্তিয়াগো বার্নাব্যুতে থাকাকালীন জে রবার্তো লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ী দলের সদস্য ছিলেন। এছাড়া ২০০২-০৯ সাল পর্যন্ত বায়ার্নের হয়ে চারটি বুন্দেসলিগা ও ডিএফবি-পোকাল শিরোপা জিতেছেন। পালমেইরাসের হয়ে চলতি বছর ক্যামপেওনাতো ব্রাসিলেইরো শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন।-বাসস।