দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে বগুড়ার পাঁচ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
এর আগে শনিবার সকাল ১০টার দিকে বগুড়া পৌরসভা কেন্দ্রে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এসএএম রফিকুন্নবী। কার্যক্রম শেষ হয় বিকেল ৪টায়। ক্যাম্পেইন উদ্বোধনকালে পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, জেলার সিভিল সার্জন ডা. অর্ধেন্দু দেব, ডেপুটি সিভিল সার্জন ডা. এটিএম নুরুজ্জামান সঞ্জয় প্রমুখ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. অর্ধেন্দু দেব জানান, শিশুদের রাতকানাসহ অন্যান্য রোগ প্রতিরোধ এবং স্বাভাবিক ভাবে বেড়ে উঠা নিশ্চিত করতে সারাদেশে দুই কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়।
এরমধ্যে ক্যাম্পেইনের অংশ হিসেবে বগুড়ার ৬-১১ মাস বয়সী ৬১ হাজার ৪৬ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৪৬ হাজার ১৯৬ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হয়েছে।
জেলায় মোট ৮ হাজার ৮শ’ ২০ জন স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মী কেন্দ্রগুলোতে ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলে।
ইত্তেফাক/এমআই