রোহিঙ্গাদের সমস্যা হলে ভাসানচরে স্থানান্তর নয় —পররাষ্ট্রমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নোয়াখালির দ্বীপ ভাসানচরে এক লাখ রোহিঙ্গাকে কবে পাঠানো যাবে জানি না। সংশ্লিষ্ট সকলেই যদি মনে করে সেখানে পাঠালে রোহিঙ্গাদের সমস্যা হবে, তাহলে বাংলাদেশ তা করবে না। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে যৌথভাবে বিশ্বের ৭৮টি বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের টিভি চ্যানেল দেখার সেট-টপ বক্স প্রদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এই বিশেষ পদ্ধতিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে বাংলাদেশের চ্যানেলগুলো দেখা যাবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চিন্তা করেছিলাম এপ্রিলে রোহিঙ্গাদের পাঠাবো। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের নানা শর্তের কারণে এটা কখন বাস্তবায়ন সম্ভব হবে তা জানি না। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের আবেদনটির বিষয়ে কানাডা সরকারের অবস্থান জানতে বাংলাদেশ সরকারের আবেদনের ওপর কানাডার আদালতে শুনানির বিষয়ে তিনি বলেন, এটি সরকারের অনেক দিনের প্রচেষ্টা এবং এটি চলমান প্রক্রিয়া। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, আমরা সব অপরাধীকে ফেরত আনার চেষ্টা করছি।