ভয়ঙ্কর অপরাধে অর্ধশত কিশোর গ্যাং গ্রুপ

দ্বন্দ্বে খুন হয় স্কুলছাত্র হূদয়, প্রধান আসামি গ্রেফতার

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর উত্তরখানে স্কুলছাত্র কামরুল হাসান হূদয় হত্যা মামলার প্রধান আসামি কাশ্মীরি গ্রুপের মুরাদ হোসেন ওরফে রাব্বি ওরফে টেলি রাব্বিকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-১। গত মঙ্গলবার গভীর রাতে গাজীপুরের জয়দেবপুর থানার ধীরাশ্রম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, উত্তরখান এলাকায় একাধিক কিশোর গ্যাং গ্রুপ রয়েছে। এসব গ্রুপের মধ্যে ছোট খাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগেই থাকত। স্থানীয় ‘বিগ বস ছোটন’ গ্রুপ ও ‘কাশ্মীরি’ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে খুন হয় হূদয়। হূদয় বিগ বস ছোটন গ্রুপের সদস্য।

র্যাবের জিজ্ঞাসাবাদে রাব্বি জানায়, ২০১৮ সালে ইন্সটিটিউট অব সাইয়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন টেক্সটাইল পাস করে টঙ্গী জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্সে চাকরি করত। ২০ মার্চ বিগ বস ছোটন গ্রুপের ছোটন ও তার সঙ্গীরা ‘কাশ্মীরি’ গ্রুপের এলাকায় গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে বিগ বস গ্রুপের ছোটন ও তার সঙ্গীরা কাশ্মীরি গ্রুপের মাসুদ ও তার ভাইকে মারধর করে। পরে কাশ্মীরি গ্রুপের সদস্যরা প্রতিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে। ২১ মার্চ দেশিয় অস্ত্র নিয়ে রাজবাড়ি বাহারেরটেক এলাকায় বিগ বস গ্রুপের সদস্যদের উপর হামলা করে কাশ্মীরি গ্রুপের সদস্যরা। ধারালো অস্ত্রের আঘাতে হূদয় গুরুতর আহত হয়। এসময় বিগ বস গ্রুপের আরও কয়েকজন আহত হয়। স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক হূদয়কে মৃত ঘোষণা করে। হূদয় স্থানীয় দি চাইল্ড ল্যাবরেটরি স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল ।

উল্লেখ্য, ২০১৭ সালের ৬ জানুয়ারি উত্তরায় কিশোর গ্রুপের হাতে প্রতিপক্ষ গ্রুপের স্কুল শিক্ষার্থী আদনান কবির খুনের ঘটনায় বেরিয়ে আসে রাজধানী জুড়ে কিশোর গ্রুপগুলোর ভয়ঙ্কর চিত্র। পুলিশের খাতায় কিশোরদের অর্ধশত গ্রুপের নাম রয়েছে। ডিসকো বয়েজ, নাইনস্টার গ্রুপ, ভাইপার গ্রুপ, রেড এ্যালার্ট, রেড এ্যালার্ট বয়েজ গ্রুপ, এইচ স্টার গ্রুপ, এইট স্টার গ্রুপসহ অর্ধশত গ্রুপ রাজধানী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে।