বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দল :তথ্যমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বর্তমানে দৃশ্যত একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বিশেষ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব পালনে ব্যর্থতার কারণেই দলটির এই অবস্থা। গতকাল বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা সংবাদদাতাদের দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ব্যর্থতার বৃত্ত থেকে বিএনপি এবং তাদের মহাসচিব বের হয়ে আসবেন বলে তিনি আশা করেন। ‘বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সফল রাষ্ট্র। মির্জা ফখরুল সাহেবের বক্তব্যে আমি অত্যন্ত বিস্মিত হয়েছি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতাদের সম্পর্কে আমার ধারণা অনেক উঁচু ছিল। আমি মনে করতাম, তিনি সমসাময়িক বিশ্বের খবর রাখেন, কিছু পড়াশুনা করেন। কিন্তু আমার ধারণা তিনিই ভুল প্রমাণ করলেন।’ তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে মাথাপিছু আয় ২ হাজার ডলার ছুঁয়েছে। বিএনপি আমলে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ৫শ’ ৪০ ডলার। বাংলাদেশ পৃথিবীর প্রথম পাঁচটি দেশের অন্যতম যারা ধারাবাহিকভাবে উচ্চ প্রবৃদ্ধির হার ধরে রাখতে পেরেছে।

মন্ত্রী কর্মশালায় সাংবাদিকদের সমাজের কাছে দায়িত্বশীল থেকে কাজ করার আহ্বান জানান।

পিআইবি’র সহযোগিতায় বাসস এই কর্মশালাটির আয়োজন করে। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মীর মো. নজরুল ইসলাম, বাসস’র প্রধান বার্তা সম্পাদক আনিসুর রহমান ও সংবাদদাতাদের প্রতিনিধিগণ সভায় বক্তব্য রাখেন। বাসস ন্যাশনাল ডেস্কের সম্পাদক অনুপ খাস্তগীর কর্মশালা পরিচালনা করেন। বাসস নগর সম্পাদক মধুসূদন মন্ডল ও প্রধান প্রতিবেদক তারেক আল নাসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।