মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়াল লাতিনো শর্টফিল্ম ফেস্টিভ্যাল ২০১৬’র আসরে শ্রেষ্ঠ মিউজিক ভিডিওর পুরস্কার পেলো চিরকুট ফিউচারিং টোয়েন্টিফোর আওয়ার্স-এর ‘অন্তরে বাহিরে’ গানটি। গতকাল শনিবার আয়োজন থেকে পুরস্কার গ্রহনের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছে চিরকুট।
পুরস্কার প্রাপ্তির পর সম্মানসূচক ক্রেস্টের ছবিসহ ফেসবুক স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘অন্তরে বাহিরে’কে বেস্ট মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হয়েছে অফিসিয়াল লাতিনো অ্যাওয়ার্ড-২০১৬ থেকে। গানটির ভিডিও নির্মাতা অারিসকে অভিনন্দন জানাচ্ছি।’
গানের লেখা, সুর ও কম্পোজিশন সবই চিরকুটের। মিউজিক ভিডিও র্নিমান করেছেন আরিস। আর সমন্বয়ক হিসেবে কাজ করেছেন অ্যাঞ্জেল ডি সুজা।
IMG0
চিরকুট ব্যান্ডের সদস্য শারমীন সুলতানা সুমী জানিয়েছেন, গানটি ছিলো রবি-ইয়ন্ডার মিউজিকের একটি প্রকল্প। চলতি বছরের র্মাচ মাসে যখন আমেরিকার টেক্সাসে একটি উৎসবে শো করতে গিয়েছিলাম তখন চিরকুট, জোহান অ্যালকোভার ও টোয়েন্টিফোর আওয়ার্স- আমরা সবাই মিলে এই গানটি করেছিলাম। মিক্সড ও মাস্টারিং করেছেন জোহান অ্যালকোভার।
উল্লেখ্য, উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ নাটক, শ্রেষ্ঠ তথ্যচিত্র, শ্রেষ্ঠ ভিডিও ব্লগসহ মোট ২১টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।
ইত্তেফাক/এমএআর