চলছে ‘বাঁচাও নদী বুড়িগঙ্গা’র প্রদর্শনী

রাজধানীর বুড়িগঙ্গা নদী এখন মৃতপ্রায় কল-কারখানার বর্জ্য আর প্রভাবশালীদের অবৈধ দখলের কারণে। মৃতপ্রায় বুড়িগঙ্গাকে ফ্রেমবন্দি করেছেন আলোকচিত্রী ফোজিত শেখ বাবু।
 
ফোজিত শেখ বাবুর ধারণকরা এমন ২০টি আলোকচিত্র নিয়ে শনিবার শুরু হওয়া ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজের গ্যালারি জুমে চলছে 'বাঁচাও নদী বুড়িগঙ্গা' শীর্ষক প্রদর্শনী।
 
এক সময় বুড়িগঙ্গা ছিল ঢাকা শহরের প্রাণ। অপরিকল্পিত শিল্পায়ন, জনসচেতনতার অভাব ও নদীতীর অবৈধ দখলের কারণে বুড়িগঙ্গা নদী আজ চরম দূষণের শিকার। প্রদর্শনী এমন কিছু চিত্র তুলে ধরা হয়েছে।
 
প্রদর্শনীর আয়োজনের বিষয়ে ফোজিত শেখ বাবু বলেন, ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা মরতে বসেছে। কুচকুচে কালো পানির পচা দুর্গন্ধের কারণে নাকে রুমাল চাপা দিয়ে নদী পারাপার হতে হয়। বুড়িগঙ্গা পরিণত হয়েছে বিষাক্ত বর্জ্যের ভাগাড়ে। এ নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কঠোরভাবে নদীদূষণ রোধ, বর্জ্য ফেলা বন্ধ এবং ভূমিদস্যুদের প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি।
 
প্রদর্শনী চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা।
 
ইত্তেফাক/এমএআর