দুই রুটে চালু হলো চক্রাকার বাস সেবা

রাজধানীর ধানমন্ডি-সায়েন্স ল্যাব-নিউমার্কেট-আজিমপুর রুটে চক্রাকার বাস সার্ভিস চালু হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত এই অত্যাধুনিক বাস সার্ভিস বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিসির তত্ত্বাবধানে চালু করা হয়। গতকাল বুধবার কলাবাগান মাঠের সামনে থেকে এ সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। অপরদিকে এয়ারপোর্ট থেকে কুড়িল বিশ্বরোড হয়ে গুলিস্তান রুটে আরেকটি চক্রাকার বাস সার্ভিস গতকাল চালু করা হয়েছে।

মেয়র সাঈদ খোকন বলেন, আমরা আশা করি, চক্রাকার বাস সার্ভিসের মাধ্যমে এই এলাকায় যানজট কমবে।   উন্নত সেবা ও শৃঙ্খলা নিশ্চিত হবে। আমরা চাই আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হোক। আমরা আশা করি, এই প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি নাগরিকরা সচেতন হবে। আমরা সর্বোচ্চ সেবা সর্বনিম্ন মূল্যে নিশ্চিত করবো। চক্রাকার এই বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং সর্বোচ্চ ৩০ টাকা বলে জানান মেয়র।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, আমরা আগামী ১৫ দিনের মধ্যে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে চাই। আমরা চাই না আর কোনো লাশ পড়ুক। জেব্রা ক্রসিংয়ের আগে চালককে গাড়ি থামাতে হবে।

তিনি আরও বলেন, আজ দুটি রুটে চক্রাকার সার্ভিস চালু হচ্ছে। এর পরে আমরা উত্তরা ও মতিঝিল রুটে আরও দুইটি চক্রাকার বাস সেবা চালু করবো।  ফলে ব্যক্তিগত ও অযান্ত্রিক পরিবহনের সংখ্যা কমে আসবে। নির্ধারিত রুটের ৩৬টি স্থানে বাসগুলো থামবে এবং সেখানে থাকবে টিকিট কাউন্টার। টিকিট কিনে লাইনে দাঁড়িয়ে বাসে উঠতে হবে। ৫ থেকে ১০ মিনিট পর পর রাস্তার দুই পাশেই বাস পাওয়া যাবে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন পর্বে আরও উপস্থিত ছিলেন বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া, বিআরটিএ চেয়ারম্যান মো. মশিয়ার রহমান প্রমুখ।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট গোলচত্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বিআরটিসি ৪টি ডাবল ডেকার বাসের উদ্বোধন করেন। বাসগুলো এয়ারপোর্ট থেকে কুড়িল বিশ্বরোড, বাড্ডা, রামপুরা, মালিবাগ হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত চলাচল করবে। বিআরটিসি আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুটে আরো ২০টি বাস যুক্ত করবে।

উদ্বোধন অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, সময় নষ্ট না করে দুই সিটি কর্পোরেশন মিলে ঢাকা শহরে বাসের ফ্রেঞ্চাইজ করা হবে। উত্তরার জন্য একটি চক্রাকার বাস রুটের উদ্বোধন করা হবে বলেও তিনি জানান। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। নিরাপদ সড়ক বিনির্মাণে ইতোমধ্যে ফুটওভার ব্রিজ, জেব্রাক্রসিং, আন্ডারপাস ইত্যাদির পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। অতি দ্রুত এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, বিআরটিসির চেয়ারম্যান মোঃ ফরিদ আহমদ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।