ইন্ডিপেনডেন্টকে হারিয়ে জয় পেল ইত্তেফাক

 
ডিএসইসি মিডিয়া কাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে ইন্ডিপেনডেন্টকে তিন রানে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে দৈনিক ইত্তেফাক। রবিবার রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
 
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দৈনিক ইত্তেফাকের অধিনায়ক অলোক বিশ্বাস। দুর্দান্ত শুরু করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান রাজীব চৌধুরী ও অলোক বিশ্বাস। মূলত তাদের দৃঢ়তায় বড় স্কোর সংগ্রহ করে ইত্তেফাক। দলের পক্ষে রাজিব ৩৩ ও অলোক ১২ রান করেন। পরে দলের স্কোরকে আরো সমৃদ্ধ করেন মাসুম। তিনি সংগ্রহ করেন ১৮ রান। নির্ধারিত ৬ ওভার শেষে সংগ্রহ দাঁড়ায় ৮৪ রান।
 
৮৫ রানের টার্গেটে খেলতে নেমে ভাল সূচনা করে ইন্ডিপেন্ডেন্টের ওপেনার জহির। মাসুমের বলে ক্যাচ আউট হওয়ার আগে একাই ৪৯ রান করেন তিনি। অপরপ্রান্তে থাকা ফরহাদ এবং কাওসার যথাক্রমে ১০ ও ৯ রান করেন। কিন্তু ইত্তেফাকের হিসেবি বোলিংয়ের কল্যাণে ৮১ রানে থেমে যায় তাদের ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য ইন্ডিপেন্ডেন্টের প্রয়োজন ছিল মাত্র ১০ রান। কিন্তু ইত্তেফাকের সৈয়দ সাব্বির আহমেদের দুর্দান্ত বলের মুখে তারা ব্যর্থ হন। চারটি ওভার বাউন্ডারি ও ২টি বাউন্ডারির মাধ্যমে ৩৩ রান করা ইত্তেফাকের রাজিব চৌধুরী ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।