ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর পুনঃময়নাতদন্ত রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিন সদস্যের মেডিকেল বোর্ড এই ময়নাতদন্ত সম্পন্ন করে।
মেডিকেল বোর্ডের প্রধান ডা. সোহেল মাহমুদ রবিবার ময়নাতদন্ত শেষে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন সম্পন্ন করতে ভিসেরা আলামত রাখা হয়েছে। এছাড়া গলার নেক টিস্যু ও দাঁত পরীক্ষার জন্য রাখা হয়েছে। তিনি আরো বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো। এছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে আগের তদন্তের বিষয়ে কথা বলতে হবে।
এসব রিপোর্ট পাওয়ার পরেই পুর্ণাঙ্গ কদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। দিয়াজের দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে কী না সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ সুরতহাল রিপোর্টে দিয়াজের শরীরে আঘাতের চিহ্নের কথা বলা হয়েছে। সেটিও পরীক্ষার করে দেখা হচ্ছে। মেডিকেল বোর্ডের অপর দুেই সদস্য হচ্ছেন ডা. প্রবীর বিশ্বাস ও ডা.কবীর হোসেন।
এর আগে শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের এই নেতার রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার মরদেহ পুনরায় ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়। শনিবার সকালে সিআইডির তত্ত্বাবধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মজিদ কবরস্থান থেকে দিয়াজের মরদেহ বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে নেয়া হয়।
রবিবার বিকালের মধ্যে পুনঃ ময়না তদন্ত কাজ শেষ করার পর মরদেহ চট্টগ্রামে নিয়ে আসা হবে এবং রাত ১০টার মধ্যে পুনরায় দাফন করা হবে। দিয়াজের মামা রাশেদ বিন আমিন চৌধুরী বলেন, দিয়াজ কখনো আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে। এর যেন সুষ্ঠু তদন্ত হয়।
ইত্তেফাক/এসএসএ