‘শাসকদল যা বলছে, নির্বাচন কমিশন সেটাই করছে’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের একটি দপ্তর হিসেবে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে। শাসকদল যা বলছে,  নির্বাচন কমিশন সেটাই করছে। 
 
রবিবার পাবনা জেলা ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
রিজভী অভিযোগ করেন, নারায়নগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েন না করার ঘোষণা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রমাণ করেছেন, শাসকদল যেভাবে চান, সেভাবে তারা নির্বাচন পরিচালনা করবেন।
 
রিজভী আরো বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার ইচ্ছা সরকারের থাকলে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিতে হবে। মিনায়মারের নির্যাতিত আশ্রয় দিতে হবে এবং মায়ানমারের সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে হবে।
 
এর আগে সকালে শহরের দোয়েল কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান।
 
জেলা ছাত্রদলের সভাপতি ইলিয়াছ আহমেদ হিমেল রানার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সম্পাদক অধ্যাপক ড. মামুন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য জহুরুল ইসলাম বাবু, জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান তোতা প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি