জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, 'আমরা শুনেছি আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের লোকেরাই কড়াইল বস্তি দখল করে অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। আবার ওরাই সুুযোগ বুঝে বস্তিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। মাথা গোঁজার ঠাঁই হিসেবে প্রথম অবস্থায় ২৫ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে ঘর তুলতে দেয়া হয়। পরে মাসে মাসে ভাড়া বাবদ তিন থেকে চার হাজার টাকা দিতে হয়।এখানে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজারেরও বেশি লোক বাস করেন।'
রবিবার রাজধানীর বনানী কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মানুষদের কম্বল বিতরণকালে এসব অভিযোগ করেন তিনি।
এইচএম এরশাদ বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া আশ্রয়হীন, শীতবস্ত্রহীন অসহায় নারী-পুরুষ ও শিশুরা খোলা আকাশের নিচে শীতে কিভাবে রাতদিন কাটাচ্ছেন-ভুক্তভোগীরা ছাড়া এই নিষ্ঠুর কষ্ট কেউই বুঝবেনা। সরকারের উচিত গৃহহীন অসহায় মানুষদের পুনর্বাসন করা।
এসময় জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী, ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ বাবুল ও নুরুল ইসলাম নুরু প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেকে