খুলনা অফিস ও তেরখাদা সংবাদদাতা
খুলনায় পৃথক দুটি উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর ৭ কর্মী-সমর্থক আহত হয়েছেন। গত মঙ্গলবার তেরখাদা উপজেলার পাতলা বোর্ড স্কুল মাঠে তেরখাদা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও খুলনা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো. শহীদুল ইসলামের নির্বাচনী পথসভা এবং দিঘলিয়া উপজেলার ঘোষপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। এদিকে পুলিশ তেরখাদা উপজেলার পাতলা বোর্ড স্কুল মাঠ থেকে হামলার ঘটনায় জড়িত বিএম সমীরউদ্দিন ও প্রবীণ পোদ্দার নামে দুইজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে। পরে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ১৬টি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত সমীরউদ্দিনকে ৭দিন এবং প্রবীণকে ১০দিনের কারাদণ্ড প্রদান করে।
এদিকে একই দিন রাত ৮টার দিকে দিঘলিয়া উপজেলা সদরের ঘোষপাড়ায় দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দীন মল্লিকের ৩ কর্মী আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।