বনানীর সাঈদ আনোয়ার এখনও বাসায় ফেরেননি

রাজধানী থেকে নিখোঁজ হওয়া সাঈদ আনোয়ার খান এখনও বাসায় ফেরেননি। 
 
গত ৫ ডিসেম্বর রাতে কলাবাগানে একটি ক্যারাতের অনুষ্ঠান থেকে বনানীর বাড়িতে ফেরার পথে সাঈদ নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় তার বাবা আনোয়ার সাদাত খান বাদী হয়ে বনানী থানায় একটি জিডি করেছেন। পরিবারের পক্ষ থেকে তার সন্ধান করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তার সন্ধান মিলেনি। 
 
সাঈদ আনোয়ার খান নিখোঁজের পর পুলিশ ও র‌্যাবের পৃথক দুইটি টিম মাঠে নেমেছে।
 
সাঈদের বাবার দায়ের করা জিডির তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই শ্রীদাম চন্দ্র রায় বলেন, ‘তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। রবিবার সাঈদের বনানীর বি ব্লকের ২১ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে গিয়ে বাবা-মার সঙ্গে কথা বলেছি। সন্তানকে না পেয়ে তারা শোকে ভেঙে পড়েছেন। আশা করি সাঈদ উদ্ধার হয়ে যাবে।’  
 
এদিকে, রবিবার দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘নিখোঁজ সাঈদকে গভীর রাতে বাসায় পৌঁছে দিল কারা?’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সাঈদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার পর্যন্ত সাঈদ বাসায় ফেরেনি। এখন পর্যন্ত তার খোঁজ চালিয়ে যাচ্ছে পরিবার।
 
 
গত ৫ ডিসেম্বর বিকালে বনানীর ইংরেজি মাধ্যমের স্কুল ছাত্র সাঈদ আনোয়ার খান (১৮) কলাবাগান এলাকায় যান। তিনি ক্যারাতে জানেন। কলাবাগানের লেকসার্কাস এলাকায় ক্যারাতের একটি অনুষ্ঠানে ছিলেন তিনি। সেখান থেকে রাত ১০টার দিকে তিনি বাইসাইকেলে বনানীর বাসার উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
 
ইত্তেফাক/ইউবি