মহান বিজয় দিবস-বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

সম্মেলনের ব্যানার-বিলবোর্ড ১৪ ডিসেম্বরের মধ্যে নামিয়ে ফেলার নির্দেশ

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীসহ সারাদেশে টানানো পোস্টার, ব্যানার, তোরণ, বিলবোর্ড আগামী ১৪ ডিসেম্বরের আগে নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। 
 
আজ রবিবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে সাংবাদিক সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক দলের পক্ষে এ নির্দেশনা দিয়ে বলেন, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের আগে এবং পরে বিভিন্ন নেতাদের শুভেচ্ছা জানিয়ে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন ব্যানার, পোস্টার, বিলবোর্ড টানানো হয়েছে। এর প্রায় ৯০ শতাংশ পোস্টার নামানো হয়েছে। বাকি যে সব পোস্টার, বিলবোর্ড রয়েছে তা ১৪ ডিসেম্বরের আগে নামাতে হবে।
 
জাহাঙ্গীর কবির নানক বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসে উপলক্ষে কেউ পোস্টার, বিলবোর্ড লাগালে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছাড়া আর কারো ছবি ব্যবহার করা যাবে না। তিনি শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে উপলক্ষে চার দিনের কর্মসূচি ঘোষণা করেন। 
 
কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর দিবসটির সূর্যোদয়ের সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, সকাল সোয়া ৭টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, সকাল পৌনে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, সকাল সাড়ে ৯টায় রায়বাজার বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একই দিন বিকাল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সভায় জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
 
মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও দেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচির সাথে সমন্বয় করে সকাল ৬ টা ৩৪ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন। 
 
মহান বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর বিকাল ৩টায় রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। সভায় আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এ উপলক্ষে ১৮ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আওয়ামী লীগের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করবেন।
 
এদিকে কর্মসূচি চূড়ান্ত করার আগে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেসা ইন্দিরা, কৃষি বিষয়ক সম্পাদিক ফরিদুন নাহার লাইলী, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
 
ইত্তেফাক/এমআই