নিঝুম দ্বীপের ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নানা অনিয়মের অভিযোগে হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মেহরাজ উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা দুদক। 
 
রবিবার দুপুরে তাকে শহরের মাইজদী থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সুধারাম থানায় সোপর্দ করা হয়। 
 
জেলা দুদকের উপপরিচালক মো. তালেবুর রহমান জানান, নিঝুম দ্বীপের জন্য গত এক বছরে ১১৯ জন দরিদ্র নারীর জন্য প্রতি মাসে ৩০ কেজি করে ৪২ মে. টন ও ৩৮৯ জন জেলেদের জন্য ৪০ কেজি করে ৬২ মে. টন চাল বরাদ্দ দেয়া হয়। তার মধ্যে ৫০ মে. টন চাল বিতরণ না করে ভুয়া মাস্টার রোলের মাধ্যমে চেয়ারম্যান আত্মসাৎ করেন। যার সরকারি মূল্য ১৮ লাখ টাকা। একইভাবে ইউপি চেয়ারম্যান ট্যাক্স আদায়ের নামে এ সব হতদরিদ্রদের কাছ থেকে ১৬০ টাকা করে আদায় করেন। এ আত্মসাৎ ও অনিয়মের প্রতিবাদ করায় ইউপি সচিবকে মারধর করে ইউপি চেয়ারম্যান। 
 
এ সব  অভিযোগ করে গত ১৬ মে ওই ইউপির সচিব ছিদ্দিক আহমেদ জুয়েল হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ২৪ মে মামলাটির তদন্ত গ্রহণ করে জেলা দুদক। তদন্তে সত্যতা পেয়ে চেয়াম্যান মেরাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি