আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনী ট্রেন মিস করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিরাট ভুল করেছেন। ২০১৯ সালের নির্বাচনী ট্রেনে না উঠলে বিএনপি ধ্বংস হয়ে যাবে। গতকাল রবিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢাকা-সিরাজগঞ্জ-ঢাকা রুটে নতুনভাবে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি দেশের উন্নয়নের জন্য কমপক্ষে একটি সরকারকে ২০-২৫ বছর ক্ষমতায় থাকা প্রয়োজন। কারণ বার বার এক সরকার ক্ষমতায় আসলে দেশ এগিয়ে যায়। মোহাম্মদ নাসিম নতুন ট্রেনের বিভিন্ন বগি পরিদর্শন করেন এবং যাত্রীদের সাথে কথা বলেন। তিনি পতাকা উড়িয়ে ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রেলপথ মন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না প্রমুখ।
রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে বাংলাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ‘বুলেট ট্রেন’ চালু করা হবে। জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে এই বুলেট ট্রেন সার্ভিস চালুর বিষয়ে নির্দেশ দিয়েছেন। অর্থ পেলেই এই ট্রেন সার্ভিস চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ সকল সেক্টরে এগিয়ে যাচ্ছে। এ কারণেই বাংলাদেশের ট্রেন সার্ভিস অনেক বেশি আধুনিক হয়েছে।
চিকিত্সকদের রাজনীতি কম করে
সেবায় বেশি মনোযোগ দিতে হবে
মোহাম্মদ নাসিম চিকিত্সকদের রাজনীতি কম করে সেবায় বেশি মনোযোগ দিতে আহ্বান জানিয়ে বলেন, ‘রাজনীতিবিদদের রাজনীতি করতে দেন। আপনারা একটু কম রাজনীতি করেন।’ গতকাল দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক সার্জন্স অফ বাংলাদেশ-এর দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অবৈধ ও ভুয়া হাসপাতাল, ক্লিনিক এবং ডাক্তার চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে সহযোগিতা করতে চিকিত্সক সংগঠনগুলোর প্রতি আহবান জানান। অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ প্রমুখ। পরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মহাখালীতে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজী এর নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ইত্তেফাক/এএন