কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুরের ঘটনায় গ্রেফতার প্রধান আসামি

ময়মনসিংহ ত্রিশালে অবস্থিত জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুরের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে শহরের নতুন বাজার এলাকা থেকে ইশরাক রাফি(১৬) নামের ওই কিশোরকে গ্রেফতার করা হয়।
 
এর আগে বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুরের ঘটনার বিচার ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে  রবিবার ময়মনসিংহ শহরে বিক্ষোভ মিছিল করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
 
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, থানার উপপরিদর্শক ফারুক আহম্মেদ ও মনিরুল ইসলাম অভিযান চালিয়ে রাফিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মারধর ও ছিনতাই ঘটনায় একাধিক মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে ।
 
বুধবার বিকেলে শহরের নতুনবাজার রেলক্রসিং এলাকায় বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করা হয়। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার ড. হুমায়ুন কবীর বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।
 
ইত্তেফাক/এমএইচ