বিজয় দিবস উপলক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে আগামীকাল ১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজয় উৎসব। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘ঐক্য গড়ো বাংলাদেশ, সাম্প্রদায়িকতা হবে শেষ’।
বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসবের উদ্বোধন করবেন প্রখ্যাত লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। এছাড়া আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হবে বিজয় শোভাযাত্রা।
গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সাংস্কৃতিক জোট কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। আরও বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ প্রমুখ।
বিজয় উৎসবে অংশ নিচ্ছে তিন শতাধিক সাংস্কৃতিক সংগঠন। আয়োজন করা হবে দলীয় নৃত্য, দলীয় আবৃত্তি, গণসংগীত, পথনাটক, চলচ্চিত্র এবং দেশের বরেণ্য শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের একক পরিবেশনা।
শহীদ মিনারসহ রাজধানীর ৯টি মঞ্চে বিজয় উৎসবের অনুষ্ঠান হবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে সব মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
ইত্তেফাক/এমএআর