রাজধানীতে বিএনপির শোভাযাত্রা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি গতকাল বিকালে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে। শোভাযাত্রাটি দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ মোড় ঘুরে নয়াপল্টনে এসে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী, সমর্থক অংশগ্রহণ করেন। নিরাপত্তার জন্য র্যালির সামনে ও পেছনে পুলিশ সদস্যরা তত্পর ছিল। শোভাযাত্রায় অংশ নেওয়া বিএনপির নেতা-কর্মী, সমর্থকরা খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দেন। র্যালিতে বেশ কয়েকটি পিকআপ ভ্যানে বাজানো হয় দেশাত্মবোধক গান, পাশাপাশি কারাবন্দি খালেদা জিয়া ও নির্বাসনে থাকা তারেক রহমানকে নিয়ে রচিত গানও বাজানো হয়। শোভাযাত্রায় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন।

শোভাযাত্রা উদ্বোধনকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা স্বাধীন হয়েছি। কিন্তু আসলেও কি আমরা স্বাধীন হয়েছি? আমরা স্বাধীন নই, আমরা মুক্ত নই। একটা পাথর বুকের ওপর চেপে বসেছে। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিকেল সোয়া ৩টার দিকে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রার নেতৃত্ব দেন ফখরুল।  এ সময় তার সঙ্গে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।