আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আদালত তারেক রহমানকে দণ্ড দিয়েছে। উনি একজন সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তার স্থান হওয়া দরকার কারাগারে। অথচ তিনি কারাগারে না থেকে বিদেশে (যুক্তরাজ্য) অবস্থান করছেন। এজন্য তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। গতকাল বুধবার গুলশানে নিজ বাসার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সময় লাগতে পারে। উনি কীভাবে এবং কোনো আইনের আওতায় লন্ডনে অবস্থান করছেন তা জানতে বিষয়টি তার দেশের কর্তৃপক্ষের কাছে উত্থাপন করবেন। এটি সময় সাপেক্ষ। কারণ এখানে আইনি প্রক্রিয়া জড়িত রয়েছে। আইনমন্ত্রী বলেন, দেশের আদালতের রায়ে তারেক রহমান দণ্ডিত হওয়ায় দুইটি কারণে আমরা তাকে ফেরত চাওয়ার কথা বলেছি। এগুলো হচ্ছে- তারেককে রাজনৈতিক আশ্রয় দিলে অন্য আসামিদের ক্ষেত্রেও তা দৃষ্টান্ত হিসেবে ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাবে এবং আদালত তাকে শাস্তি দেওয়ায় তার জায়গা হবে কারাগারে।
আইনমন্ত্রী বলেন, যুক্তরাজ্য চায় না এই একটি কারণে (তারেককে দেশে ফেরত পাঠাতে) বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ক্ষুণ্ন হোক। তাই আমরা ইস্যুটি নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেছি, তিনি এখন এ বিষয়টি নিয়ে তাদের সরকারের সঙ্গে আলোচনা করবেন। আলোচনার ফলে একটি ইতিবাচক ফলাফল পাওয়ার আশা প্রকাশ করছি।