ভূঞাপুরে গৃহবধূকে হত্যাচেষ্টা, কারাগারে স্বামী-শ্বশুর-শাশুড়ি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সদ্য মা হওয়া গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী শফিকুল ইসলাম, শ্বশুর আব্দুল হামিদ ও শাশুড়ি রোকেয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে।
 
পুলিশ জানায়, সোমবার দুপুরে টাঙ্গাইল শহরের বটতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার চালমুলা গ্রামে ৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে যৌতুকের দাবি ও স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় কারণে নির্মম নির্যাতনের শিকার হন ফাতেমা আক্তার লিয়া (২৬) নামের এক গৃহবধূ। সদ্য ছেলে সন্তান জন্ম দেয়া ওই গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন স্বামী। ফাতেমা গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফাতেমা-শফিকুল দম্পতির পাঁচ বছরের আরো একটি ছেলে সন্তান রয়েছে। পরে এ ঘটনায় মামলা হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ