কুড়িগ্রাম জেলার রাজীবপুর সীমান্তে আবারো নেমে এসেছে ভারতীয় বুনো হাতির দল। গত ১০ দিনের ব্যবধানে ভারত থেকে নেমে আসা বুনো হাতির দলটি দুইবার বাংলাদেশের ভেতরে প্রবেশ করে বোরো ধানের বীজতলাসহ বিভিন্ন ফসলের ক্ষতি করেছে। আজ মঙ্গলবার ভোররাতে রাজীবপুরের মিয়াপাড়া সীমান্ত দিয়ে হাতির দলটি নেমেছে বলে ধারণা করা হচ্ছে।
সীমান্ত ত্রলাকাবাসী সূত্রে জানা গেছে, ২৫-২৬ টি ভারতীয় বুনো হাতির দল বালিয়ামারী মিয়াপাড়া, চরলাঠিয়াল ডাঙ্গা হয়ে আলগার চর সীমান্তে অবস্থান করছিল। এ সময় হাতির দলটি সীমান্ত এলাকায় বোরো বীজতলা সহ বেশ কয়েকটি সেচ পাম্প উপড়ে ফেলে। পায়ের নিচে মারিয়ে বীজতলা ভুট্টা, আখ এবং সরিষা ফসলের ব্যাপক ক্ষতি করে হাতির দলটি।
আজ মঙ্গলবার বিকেলে বালিয়ামারী বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার মোরশদ আলম ঘটনা নিশ্চিত করে বলেন, হাতির দলটি ফিরে গেছে ভারতীয় সীমান্তে আমরা এলাকার মানুষকে সর্তক করে দিয়েছি কেউ যেন হাতির দলটিকে বিরক্ত না করে, তারা যেন সাবধানে থাকে।