গোপালদীর কলেজ গলিতে বখাটেদের উত্পাত

উপজেলার গোপালদী পৌর সভার গোপালদী বাজারের কলেজ গলিতে বখাটেদের উত্পাত অত্যন্ত বেড়ে গেছে। শিক্ষার্থীরা আতঙ্কে  রয়েছে।

জানা গেছে, গোপালদী বাজারের এ কলেজ গলিতে রয়েছে গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ, সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়, গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয় ও গোপালদী ডিগ্রি মাদরাসা, আদর্শ বিদ্যানিকেতন ও সাকসেস স্কুল। বখাটেরা এসব প্রতিষ্ঠানের ছাত্রীদের ইভটিজিংসহ নানা অপকর্ম করে যাচ্ছে। বিশেষ করে স্কুল ও মাদরাসা চলাকালীন আশপাশের বখাটেরা ছাত্রীদের উত্ত্যক্ত করে থাকে। কেউ প্রতিবাদ করলে উল্টো তাদের ওপর হামলা চালানো হয়। এ ছাড়া প্রায় প্রতিদিনই বখাটেদের নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। বিষয়টি নিয়ে অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাগণ চিন্তিত হয়ে পড়েছেন।

অভিযোগ রয়েছে, স্কুল ও মাদরাসা চলাকালীন স্থানীয় বখাটেরা তো বটেই, অনেক দূর থেকেও বখাটেরা এখানে আড্ডা দিতে চলে আসে। মাঝে মধ্যে গোপালদী ফাঁড়ি পুলিশ টহলে আসলে বখাটেরা পালিয়ে যায়। কিন্তু পুলিশ চলে যেতেই তারা আবারও স্কুল গলিতে এসে আড্ডায় লিপ্ত হয়। ফলে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।