দেশ বিদেশের নাট্যমেলায় আগামীকাল ‘তৃতীয় একজন’

ঋত্বিক আয়োজিত দেশ বিদেশের নাট্যমেলায় আগামীকাল ১৫ ডিসেম্বর, সন্ধ্যা ৬ টায় ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের রবীন্দ্রসদনে মঞ্চায়িত হবে অনন্ত হিরার অভিনীত ও নির্দেশিত নাটক ‘তৃতীয় একজন’। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।
 
নাটকটি রচনা করেছেন সমীর দাশ গুপ্ত ও প্রযোজনায় শব্দ নাট্যচর্চা কেন্দ্র। নাটকের প্রধান চরিত্র সামীর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক আর তার স্ত্রী তুলি গৃহিণী। সামীরের ব্যস্ততা এবং তার স্ত্রীর নিঃসঙ্গ জীবনে তৃতীয় একজনের আগমন নিয়েই নাটকের গল্প। সেই তৃতীয় ব্যক্তির নাম বিবেক। বিবেক ও তুলি একসময় একসঙ্গে নাচ শিখত। 
 
ঘটনাচক্রে সামীরের সঙ্গে তুলির আবার দেখা হয়। তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতে থাকে। একপর্যায়ে বিষয়টি সামীর জানতে পারে। শুরু হয় দ্বন্দ্ব-সংঘাত-কলহ। নাটক এগিয়ে চলে পরিণতির দিকে।
 
নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা ও রওশন জান্নাত। অনন্ত হিরা বলেন,  ঋত্বিক আয়োজিত দেশ বিদেশের নাট্যমেলায় আমার অভিনীত ও নির্দেশিত নাটক "তৃতীয় একজন" মঞ্চায়িত হচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। সবাইকে দেখার আমন্ত্রন রইলো।’
 
উল্লেখ্য, বহরমপুরের রবীন্দ্রসদন মঞ্চে ২০০১ সাল থেকে ‘ঋত্বিক’ প্রতি ডিসেম্বর মাসেই আয়োজন করে ‘দেশ-বিদেশের নাট্যমেলা’।
 
ইত্তেফাক/এমএআর