মানিকগঞ্জে ঔষধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সংক্রান্ত অধিকতর সচেতনতা ও বাস্তবায়নের লক্ষ্যে গণশুনানির আয়োজন করা হয়।
বুধবার বিকাল ৪ টায় শহরের বেউথায় একটি রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি রাজা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। সভায় নিরাপদ ও মানসম্মত ঔষধ সরবরাহ করার প্রতিশ্রুতি দেন মানিকগঞ্জ জেলার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। প্রতিটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ নিরাপদে সংরক্ষণ করার জন্য সমিতির মাধ্যমে সরবরাহ করা হবে স্বচ্ছ বাক্স। বাক্সের গায়ে লেখা থাকবে “বিক্রির জন্য নহে” এমনটা নিশ্চিত করবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদের এই উদ্যোগকে স্বাগত জানানো হয় এবং সেই সাথে লাইসেন্স ব্যতিরেকে ব্যবসা পরিচালনা না করা, ফিজিশিয়ান সেম্পল, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় না করা ও নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক দামে ঔষধ বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়। জেলা শহরে অবস্থিত দুই শতাধিক ফার্মেসীর সকল মেয়াদ উত্তীর্ণ ঔষধ আলাদা করে নির্ধারিত বাক্সে সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের অনুরোধের প্রেক্ষিতে অধিদপ্তরের পক্ষ থেকে ২০ দিনের সময় বেধে দেওয়া হয়। পরবর্তীতে ফার্মেসীগুলোতে কোন অনিয়ম পরিলক্ষিত হলে কঠোর আইন প্রয়োগের হুশিয়ারী দেওয়া হয় উপস্থিত ব্যবসায়ীদের।