গাজীপুরে বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক সভা

আগামী ১৩  জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য দুই পর্বের বিশ্ব ইজতেমার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে  এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক এসএম আলম সভাপতিত্ব করেন।  সভায় আগত ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
সভায় জানানো হয়, এবারো পাঁচ স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা। ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসা সেবায় ১৪টি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। মুসল্লিদের চিকিৎসার জন্য পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও ওষুদের ব্যবস্থা রাখা হয়েছে।
 
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর জানান, পাঁচ স্তরের নিরাপত্তা পার হয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে হবে সবাইকে। এছাড়া ইজতেমা শুরুর আগে ২০টি মোবাইল কোর্টের মাধ্যমে ইজতেমা ময়দানের আশপাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ, বিলবোর্ড ও ময়লা-আবর্জনা অপসারণ করা হবে। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশ সার্বক্ষণিক কাজ করবে।
 
জেলা প্রশাসক এসএম আলম জানান, বিশুদ্ধ খাবার নিশ্চিত, বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস, চিকিৎসা সেবা বাস্তবায়ন এবং সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন  দফতরের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ