পর্দা উঠল খুদে শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্টের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৯ম বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং ৮ম বঙ্গমাতা গোল্ডকাপ আসরের পর্দা উঠেছে। এই দুই টুর্নামেন্টে ২২ লক্ষাধিক খুদে শিক্ষার্থী অংশ নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, এবারের টুর্নামেন্টে বঙ্গবন্ধু গোল্ডকাপে ৬৫ হাজার ৭৯৫টি বিদ্যালয়ের ১১ লাখ ১৮ হাজার ৫১৫ শিক্ষার্থী এবং বঙ্গমাতা গোল্ডকাপে ৬৫ হাজার ৭০০টি বিদ্যালয়ের ১১ লাখ ১৬ হাজার ৯০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আগামী ৪ এপ্রিল দুটি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণ করবেন।

বুধবার বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী খেলায় সকাল ১০টায় ‘ক’ গ্রুপের ম্যাচে রংপুর বিভাগের নীলফামারী জেলার দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে ঢাকা বিভাগের ফরিদপুর জেলার চুমুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের আজকের খেলায় দুপুর ৩টায় ‘ক’ গ্রুপের ম্যাচে রাজশাহী বিভাগের সোনাদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮-০ গোলে ঢাকা বিভাগের ফরিদপুর জেলার হাটগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।