বুধবার দুপরে নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণ গ্রাম থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ২টি মোটর সাইকেলসহ ৬ যুবককে আটক করেছে পুলিশ।
লালপুর থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিলমাড়িয়া-লালপুর সড়কের রামকৃষ্ণপুর এলাকায় অবস্থান নিয়ে বিলমাড়িয়ার দিক থেকে আসা দু'টি অন টেস্ট টিভিএস মোটর সাইকেলের গতি রোধ করে পুলিশ। মোটর সাইকেলে থাকা বিরোপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে আরিফুল (১৯), আজাদুল ইসলামের ছেলে জীবন (১৮), জমির উদ্দিনের ছেলে জনি (১৮), সোনা মিয়ার ছেলে শিমুল (১৮), দুলাল উদ্দিনের ছেলে সুমন (২০) এবং মোহরকয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রবিন (১৮) এর দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে বিদেশে তৈরি ২টি আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলি ও ৩ টি ব্যবহৃত গুলি উদ্ধার করা হয়।
লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আটককৃতরা যার কাছ থেকে অস্ত্র কিনেছে তাকে খুঁজে বের করে ঐসব অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এসএস